অনলাইন ও টিভিতে উদযাপিত হবে মুজিববর্ষ

১২ মার্চ, ২০২০ ২০:৩৬  
আগামী ১৭ মার্চ রাত ৮টায় দেশের প্রতিটি জেলা ও উপজেলার বিভিন্ন স্থানে জনসমাগম এড়িয়ে আতশবাজির মাধ্যমে উদযাপিত হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী। আর উৎসব সকলের মধ্যে ছড়িয়ে দিতে ব্যবহৃত হবে অনলাইন প্লাটফর্ম ও টেলিভিশন। এজন্য সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে প্রধান করে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি জন্মশতবর্ষের উদ্বোধনী অনুষ্ঠানটি বিভিন্ন চ্যানেলে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করবে। বৃহস্পতিবার বিকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় বাস্তবায়ন কমিটির কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন নিয়ে সারা দেশের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের নানা নির্দেশনা দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী। জেলা প্রশাসকদের উদ্দেশে কামাল চৌধুরী বলেন, “আমাদের সাইটে ভিডিও ফুটেজগুলো রয়েছে। আপনারা সেগুলো প্রচার করুন যেন তরুণ প্রজন্ম বঙ্গবন্ধুর নানা অবদান সম্পর্কে অবহিত হয়।”